সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে অপহরিত সাড়ে ৪ বছরের শিশু আলিফ উদ্ধার, গ্রেফতার-৩
মির্জা নাদিম, টঙ্গী, গাজীপুর:
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৬:৫৪ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৫ ৭:১৪ পিএম  (ভিজিট : ৩৩১)
X

টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু মো. আলিফকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি সংঘবদ্ধ শিশু অপহরণকারী চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার সূত্রপাত ২৩ মে দুপুর আনুমানিক ১১টার দিকে আলিফ তার চাচাতো ভাই হোসাইন (৬) এর সঙ্গে তার বাবার সেলুনে যায়। কিছুক্ষণ পর রুটি কেনার জন্য ২০ টাকা নিয়ে বাসার উদ্দেশে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ওইদিনই টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়রি করেন।

পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিশুটি বাসার কাছের দোকান থেকে রুটি কিনে ফেরার সময় এরশাদনগর ৪ নম্বর ব্লকের ফুলকলি স্কুলের সামনে একটি বোরকা পরিহিত নারী তাকে ও হোসাইনকে মিষ্টির লোভ দেখিয়ে অটোরিকশায় তুলে নেয়। কিছু দূর যাওয়ার পর হোসাইনকে নামিয়ে দিয়ে বলে, “তুমি দাঁড়াও, সে মিষ্টি নিয়ে আসতেছে।” এরপর আলিফকে নিয়ে দ্রুত চলে যায়। এজাহারে উল্লেখ আছে, অপহরণকারীরা শিশুটিকে বসুমতি পরিবহনের একটি বাসে করে ঢাকার দিকে নিয়ে যায়।

পরবর্তীতে টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পুলিশ প্রযুক্তি সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে প্রথমে মো. কালাম (২০) নামের এক আসামিকে গ্রেফতার করে। তার জবানবন্দির ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানার রাহাড়ী পাড়া এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই মূল হোতা তাহমিনা ও আলামিনকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের হেফাজত থেকে শিশু আলিফকে উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা শহরে ভাড়া বাসায় অবস্থান করে ছদ্মবেশে শিশু অপহরণ করে আসছিল। পরবর্তীতে এসব শিশুদের টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। এই চক্রের সদস্য সংখ্যা ছয় থেকে সাতজন বলে ধারণা করা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার ওসি বলেন, “শিশুটিকে শারীরিকভাবে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝