রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এজাজকে অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৮২)
X

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্‌রীরের সক্রিয় সদস্য ছিলেন দাবি করে তাঁকে অপসারণ ও গ্রেপ্তারে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করার ঘোষণা দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার (২০) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন ঘোষণা দেয় গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। ‘নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের নেতা ও এনসিপির প্রতিনিধি ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবি’ ব্যানারে এ কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ডিএনসিসির সামনে গণঅধিকার পরিষদের ১৫-২০ জন নেতা-কর্মী মিছিল শুরু করেন। তাঁরা মোহাম্মদ এজাজের অপসারণ চেয়ে নানান স্লোগান দেন। ‘জঙ্গিবাদের ঠিকানা, এ বাংলায় হবে না’; ‘জঙ্গিবাদের ঠিকানা, এ বাংলায় রাখব না’; ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, নগর ভবন ঘেরাও হবে’সহ নানান স্লোগান দেন।

পরে তাঁদের মিছিলে শতাধিক লোক অংশ নেন। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের পাশাপাশি ওই সময় আরেকটি পক্ষও মোহাম্মদ এজাজের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। পরিচয় জানতে চাইলে মিছিলকারী একজন জানান, স্লোগানদাতা তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সদস্য জাহিদ হোসেন। তাঁদের ‘দফা এক, দাবি এক, ডিসির পদত্যাগ’; ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান’সহ নানান স্লোগান দিতে দেখা যায়। পরে তাঁদের সঙ্গে শ্রমিক দলের একটি অংশও যোগ দিয়েছে।

বিকেল পৌনে ৪টার দিকে ডিএনসিসির গেটের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বৃষ্টি শুরু হলে ইউনিমার্টের গেটের সামনে সমাবেশ করে। ডিএনসিসির সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে বিকেল পৌনে পাঁচটার আগেই সমাবেশ করে গণঅধিকার পরিষদ।

ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আবদুর জাহের, আবু হানিফ, রবিউল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।

মোহাম্মদ এজাজকে অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় গণঅধিকার পরিষদ। দলটির মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা পরিষ্কারভাবে একটা আলটিমেটাম এ সরকারকে দিতে চাই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ সরকার তথা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে আলটিমেটাম দিচ্ছি। আগামী বৃহস্পতিবারের মধ্যে এজাজকে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার আমাদের কর্মসূচি হবে যমুনার সামনে। সময় ও তারিখসহ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলাম। এর মধ্যে অপসারণ না হলে যমুনা ঘেরাও হবে।’

ফারুক হাসান বলেন, ‘আমরা যখন দেখি, একজন নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পান, তার মানে আর বুঝতে বাকি থাকে না, এই সরকার জনগণের সংস্কার নয়, জনগণের আকাঙ্ক্ষা নয়, আওয়ামী লীগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বেশি তৎপর। এই মোহাম্মদ এজাজের ইতিহাস সবাই জানে। ২০১৮ সাল পর্যন্ত মোহাম্মদ এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের সক্রিয় নেতা ছিলেন। শুধু নেতা বললে ভুল হবে, প্রথম সারির নেতা ছিলেন। এক থেকে পাঁচজনের মধ্যে টপ লেভেলের নেতা ছিলেন মোহাম্মদ এজাজ। এই হিযবুত তাহ্‌রীর করার কারণে একাধিকবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সে জেলে গিয়েছে।’

আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে জেল থেকে বেরিয়ে মোহাম্মদ এজাজ আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন দাবি করে ফারুক হাসান বলেন, ‘২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগের ধান্দাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি—প্রতিটি অপকর্মের সঙ্গে মোহাম্মদ এজাজ সম্পৃক্ত ছিলেন। এরপর আন্দোলন-সংগ্রাম শুরুর পর খোলস পাল্টে এ সরকারের নব্য বিপ্লবী, যাদের আমরা বলি দুই দিনের বৈরাগী, সেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তলে তলে গোপন চুক্তি করে এই এজাজ আজকে সিটি করপোরেশনের জমিদার বনে গেলেন।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝