রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিবি প্রধান হারুনের শ্বশুরের জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:৪৮ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৫ ৭:৫১ পিএম  (ভিজিট : ১২৭)
X

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এবার ফ্যাসিস্ট সরকারের আমলে আলোচিত অস্বাভাবিক ক্ষমতাধর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় থাকা ৮ দশমিক ৬০ কাঠা জমি ও জমিতে অবস্থিত ইমারত জব্দের আদেশ দিয়েছেন। এছাড়াও তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবের ৫৯ লাখ ৬২ হাজার ৯০৩ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে)  দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেনের (গালিব)  আদালত এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এছাড়া দুদকের মামলা চলমান থাকায় ডিবি হারুনের ঘনিষ্ঠ সহযোগী শাহরিয়ারের দুই ব্যাংক হিসাবে থাকা দুই লাখ ৯৮ হাজার ৭২১ টাকা অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

ডিবি পুলিশের  সাবেক প্রধান হারুনের শ্বশুর সোলায়মানের সম্পদ জব্দের আবেদনে বলা হয়, মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার, নিকট আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তার ঘনিষ্ঠদের অন্যতম তার শ্বশুর মো. সোলায়মান। তিনি হারুন অর রশীদের সহযোগী হিসেবে কাজ করেন এবং তার নামে-বেনামে, দেশে-বিদেশে অনেক সম্পদ রয়েছে, যা হারুন অর রশীদের বেনামি সম্পদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুদকের  কর্মকর্তারা অনুসন্ধানকালে গোপন সূত্রে জানতে পেরেছেন হারুনের শ্বশুর মো. সোলায়মানের নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই, উল্লিখিত এসব স্থাবর সম্পত্তিসমূহ জব্দ ও অস্থাবর সম্পত্তিসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

দুদক কর্মকর্তারা জানান, ডিবির সাবেক প্রধানের সহযোগি শাহরিয়ারের আবেদন এবং দুদক কর্মকর্তারা তদন্তকালে দেখতে পেয়েছেন, আসামি এ বি এম শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। আসামি মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধানের পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামি শাহরিয়ারের অপরাধে প্রত্যক্ষ সহায়তা করায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার মালিকানাধীন ও স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র মামলার বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। মামলা তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝