রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
টঙ্গীর তুরাগ তীরে প্রায় ২০ লাখ মুসল্লির জুমা আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ২৮২)
X

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ শুক্রবার অনুষ্ঠিত হলো জুমার নামাজের জামাত। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ এই বৃহত্তম জুমার জামাতে বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে শরিক হন।

জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। দুপুর ১টা ৪৩ মিনিটে জুমার খুৎবা পাঠ শুরু করেন তিনি। পরে ১টা ৫৬ মিনিটে জুমার নামাজ আদায় করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। জুমার নামাজে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন বলেও তিনি দাবি করেন।

জুমায় শামিল হতে শুক্রবার সকাল থেকেই সর্বস্তরের মুসলমানরা টুপি, পাঞ্জাবি পরে জায়নামাজ হাতে ইজতেমা মাঠের দিকে ছুটতে দেখা গেছে। দেশ-বিদেশের অগণিত মুসল্লির সঙ্গে একই জামাতে শরিক হয়ে নামাজ আদায় করার মাধ্যমে বেশি সওয়াব হাসিলের উদ্দেশ্যে সকলের মধ্যে দেখা গেছে ব্যাকুলতা। যতই সময় গড়াতে থাকে ততই মুসল্লিদের ঢল আঁচড়ে পড়ে তুরাগের তীরে। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের সমাবেশ ঘটে জুমায়।

টঙ্গী, উত্তরা, কামারপাড়া, মিরপুর, আবদুল্লাহপুরসহ আশপাশের এলাকার মসজিদে মুসল্লি সংখ্যা ছিল খুবই কম। ইজতেমা মাঠে জুমার জামাত সুবিশাল প্যান্ডেলের গন্ডি ছাড়িয়ে বিস্তৃতি লাভ করে চারপাশে। 

বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের টঙ্গী মুখি স্রোত অব্যাহত রয়েছে। বহুল কাঙ্খিত আখেরি মোনাজাত পর্যন্ত এ স্রোত আরও প্রবল হবে। তুরাগ তীরবর্তী বিশাল প্রান্তরে নির্মিত পাটের চট ও লাইলন কাপড়ের প্যান্ডেল ইতোমধ্যেই কানায় কানায় প্রায় পূর্ণ হয়ে গেছে।

উল্লেখ্য, আগামী রোববার প্রথম ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ৩ থেকে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে শুরায়ি নেজামের ইজতেমা। ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি।


আ. দৈ/ এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝