স্কুল জীবনেও নিখোঁজ হয়েছিলেন একবার
‘জিনের আছর’ ছিল সহ-সমন্বয়ক খালেদের
ঢাবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান । ছবি: সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান স্কুলে থাকাকালীন একবার নিখোঁজ হয়েছিলেন। তখন তার উপর ‘জিনের আছর’ ছিল বলে দাবি করেছেন তার বাবা লুৎফর রহমান। তবে সেই সময় তাকে এ বিষয়টি জানানো হয়নি।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান খালেদের বাবা। সংবাদ সম্মেলনে খালেদ এবং তার বাবা উভয়েই উপস্থিত ছিলেন।
লুৎফর রহমান জানান, বর্তমানে খালেদের শারীরিক এবং মানসিক অবস্থা ভালো। চিকিৎসক তাকে কিছু শারীরিক ও মানসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। খালেদের বাবার ভাষ্যমতে, ছোটবেলা থেকেই তার উপর জিনের প্রভাব ছিল। ৯ম বা ১০ম শ্রেণিতে থাকাকালীন সে একবার নিখোঁজ হয় এবং কয়েকদিন পরে ফিরে আসে। তবে তখন তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
ডাকসু নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে আত্মগোপনে থাকার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে খালেদ হাসান বলেন, "ডাকসু নিয়ে এখনো আমার কোনো পরিকল্পনা নেই। আমি দাঁড়াবো কি না, সেটাও এখনো ঠিক করিনি। প্রচারের জন্য আমাকে আত্মগোপনে যেতে হবে বলে আমি মনে করি না।"
খালেদ আরও বলেন, তার শারীরিক ও মানসিক পরিস্থিতি, যেগুলো সে আগে জানতো না, সেগুলোর কারণেই এই ঘটনা ঘটেছে বলে তিনি এখন মনে করছেন। শুরুতে তিনি অপহরণের শিকার হয়েছেন বলে ধারণা করলেও, এখন তিনি তার মানসিক অবস্থাকেই এ ঘটনার জন্য দায়ী করছেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান চারদিন নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নিজ হলে ফিরে আসেন। এরপর তিনি দু’দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খালেদের নিখোঁজ হওয়া এবং ফিরে আসা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, তিনি প্রচারের জন্য আত্মগোপনে ছিলেন। এ ধরনের গুঞ্জনের জবাব দিতেই বাবাসহ সংবাদ সম্মেলনে আসেন খালেদ।
আ. দৈ./ সাধ




















