এইচএসসি পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ৪৬৪ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন শিক্ষার্থী। এ ছাড়া বোর্ডটিতে মোট ৫ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন বিষয়ে ৫ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৪৬৪ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে এসব শিক্ষার্থীর ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে।
ঢাকা শিক্ষা বোর্ড প্রকাশিত ১৭৯ পৃষ্ঠার ফলাফলের তালিকায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের রোল নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের নাম, আগের গ্রেড, পরিবর্তিত গ্রেড এবং জিপিএ উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফলাফল দেখতে পারবেন।
আ.দৈ/আরএস




















