টেকসই অর্থায়ন দ্রুত বাড়ছে
নিজস্ব প্রতিবেদক

টেকসই খাতে ব্যাংকের অর্থায়ন দ্রুত বাড়ছে। গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর মোট অর্থায়নের ৩৯ দশমিক ২০ শতাংশ বিতরণ হয়েছে টেকসই ও সবুজ অর্থায়নে। গত বছর শেষে যা ছিল মাত্র ১৭ দশমিক ২৩ শতাংশ। এর আগে ২০২২ সাল শেষে ছিল ১১ দশমিক ৫৯ শতাংশ। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় একদিকে টেকসই অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার এবং বিভিন্ন শিথিলতার কারণে এমন হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, একসময় কেবল ৯টি খাতে বিতরণ করা ঋণকে টেকসই ও সবুজ অর্থায়ন হিসেবে বিবেচনা করা হতো। দুই ধাপে তা বাড়িয়ে প্রথমে ১১টি, এখন ১৪টি খাতকে বিবেচনায় নেওয়া হচ্ছে। অন্য অনেক ক্ষেত্রেও নীতিমালা শিথিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে উৎসাহী করতে টেকসই অর্থায়নের ভিত্তিতে প্রতিবছর শীর্ষ ব্যাংকের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ব্যাংকের ক্যামেলস রেটিং, নতুন শাখা খোলার অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই অর্থায়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। যে কারণে ব্যাংকগুলো এখন আগের চেয়ে আগ্রহী। আবার পরিধিও বৃদ্ধির কারণে টেকসই অর্থায়নের হার বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ৩ লাখ ১১ হাজার ৩৬৮ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের ৯ মাসে বিতরণ করা মোট ঋণের যা ৩৯ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে সবুজ অর্থায়ন খাতে দেওয়া হয়েছে ২২ হাজার ৮ কোটি টাকা। গত বছর টেকসই অর্থায়নের পরিমাণ ছিল ১ লাখ ৯৭ হাজার ৩৬৯ কোটি টাকা বা বিতরণ করা মোট ঋণের ১৭ দশমিক ২৩ শতাংশ দেওয়া হয়। এর মধ্যে সবুজ অর্থায়নের পরিমাণ ছিল ১৯ হাজার ৩০৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বেশির ভাগ প্রকল্পই গড়ে ওঠে কোনো না কোনো ব্যাংকের অর্থায়নে। এর মাধ্যমে পরিবেশ বিপর্যয় ঠেকানোর পাশাপাশি এসডিজি অর্জনের জন্য ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা চলছে।
আ. দৈ/ আফরোজা




















