সাবেক ৫ এমপি ও পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের সাবেক পাঁচজন সংসদ সদস্য (এমপি) এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রথমবারের মতো এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে আদালতে আবেদন পাঠানো হবে।
যে পাঁচজন সাবেক সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন:
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (সাবেক এমপি, ফেনী-১)
নূর নবী চৌধুরী শাওন (সাবেক এমপি, ভোলা-৩)
আবু জাহির (সাবেক এমপি, হবিগঞ্জ-৩)
এইচ এম ইব্রাহিম (সাবেক এমপি, নোয়াখালী-১)
নুর উদ্দিন চৌধুরী নয়ন (সাবেক এমপি, লক্ষ্মীপুর-২)
দুদক জানিয়েছে, এই সাবেক সংসদ সদস্যদের পাশাপাশি তাদের স্ত্রী, ছেলে-মেয়েদের বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পাঁচ সাবেক এমপির বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, সরকারি প্রকল্পে অনিয়ম এবং দেশ-বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের বিদেশযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। কমিশনের ধারণা, অভিযুক্তরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন, এ কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
আ. দৈ./ সাধ




















