শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
হাসিনার দেশে ফেরার প্রস্তুতি, ভারত সীমান্তে আ. লীগ নেতাদের তৎপরতা বাড়ছে
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:০৬ এএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৯:১০ এএম  (ভিজিট : ১)
X

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা। গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এবং ২৫ নভেম্বর ত্রিপুরার আগরতলার কাছে আখাউড়া সীমান্ত এলাকা ঘুরে দেখেন দলটির কয়েকজন নেতা। হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং সীমান্ত দিয়ে যাতায়াতের পরিস্থিতি যাচাই করতেই তাদের এ তৎপরতা বলে জানিয়েছেন দলীয় নেতারা। খবর বিবিসি বাংলার।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা ভারতে অবস্থান করছেন। তাদের দাবি, শেখ হাসিনার দেশে ফেরাকে সামনে রেখে একাধিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত কোন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত নেবেন হাসিনা নিজেই।

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রিপুরায় অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন সফরকারী নেতারা। আখাউড়া সীমান্ত পরিদর্শনে যাওয়া সাত-আটজন শীর্ষ নেতার মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নাম রয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম জানিয়েছেন, দলের নেতারা ইতোমধ্যে দুটি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। সামনে আরও কয়েকটি এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে সীমান্ত দিয়ে যাতায়াতের সুযোগ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতেই এসব এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে সীমান্ত পরিদর্শনের সময় আওয়ামী লীগ নেতারা ভারতীয় নিরাপত্তাবেষ্টনীর ভেতরে প্রবেশ করেননি। বাইরে থেকেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কয়েকটি সূত্রের দাবি, ভারতীয় কর্মকর্তারা দূর থেকে তাদের চলাচলের ওপর নজর রেখেছিলেন।

দেশে ফেরার জন্য একাধিক পরিকল্পনা

আওয়ামী লীগের এক নেতার দাবি, শেখ হাসিনাকে স্থলপথে দেশে ফিরতে হলে কোন সীমান্ত দিয়ে তার নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব, তা আগে থেকেই যাচাই করা প্রয়োজন। এ কারণেই দলের শীর্ষ নেতারা সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখছেন।

ওই নেতার ভাষ্য, হাসিনা একা দেশে ফিরবেন না। তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে দলের কয়েকজন নেতা তার সফরসঙ্গী হতে পারেন। তবে কারা সঙ্গে থাকবেন, সে সিদ্ধান্ত নেবেন হাসিনা নিজেই।

দলীয় নেতাদের দাবি, দেশে ফেরার জন্য ‘প্ল্যান এ, বি, সি ও ডি’সহ একাধিক বিকল্প প্রস্তুত রাখা হয়েছে। কোনটি কার্যকর করা হবে, তা নির্ভর করবে দলীয় প্রধানের সিদ্ধান্ত এবং ভারত সরকারের অনুমতির ওপর।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। বাংলাদেশের বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের চলমান তৎপরতা এবং আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা।

নেতা-কর্মীদের দেশে ফেরার প্রস্তুতি

শেখ হাসিনার প্রত্যাবর্তনের পাশাপাশি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরার বিষয়টিও আলোচনায় রয়েছে। দলটির কয়েকজন নেতার দাবি, গত কয়েক মাস ধরেই বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী দেশে ফিরতে শুরু করেছেন। গত দেড় মাসে প্রায় ৩০০ তরুণ ও যুবক বাংলাদেশে ফিরেছেন, যাদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও রয়েছেন।

তবে দেশে ফেরা ব্যক্তিদের নাম প্রকাশ করতে রাজি নন দলীয় নেতারা। তাদের আশঙ্কা, নাম প্রকাশ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হতে পারে।

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের দাবি, দেশে ফেরার প্রস্তুতি কোনো গোপন কৌশল নয়, বরং এটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন দেশে অবস্থানরত দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা পর্যায়ক্রমে দেশে ফিরছেন। দেশে ফেরার পর কেউ গ্রেপ্তার হচ্ছেন, আবার কেউ বিভিন্ন বাধার মুখে পড়ছেন বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, কয়েক মাস ধরেই তারা দেশে ফেরার মানসিক প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে সাংগঠনিক প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের অভ্যন্তরে থাকা নেতা-কর্মীদের সংগঠিত করার পাশাপাশি শেখ হাসিনাকে স্বাগত জানাতে কারা কীভাবে ঢাকায় উপস্থিত হবেন, তা নিয়েও কাজ চলছে।

আইনি জটিলতায় হাসিনার প্রত্যাবর্তন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা থাকলেও বাস্তবে তার প্রত্যাবর্তনের পথ এখনো বেশ জটিল। বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হলেও এখনো সে বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করছে ভারত। তবে ভারতের বিভিন্ন বিশ্লেষকের মতে, প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা কম।

অন্যদিকে, আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের আবেদন করেছিলেন শেখ হাসিনা। তবে তাকে পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত নথি দেওয়ার সম্ভাবনাও নাকচ করেছে বাংলাদেশ সরকার। ফলে বৈধ ও আইনি পথে তার দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত।

এমন পরিস্থিতিতেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা দেশে ফেরার প্রস্তুতি অব্যাহত রাখার কথা বলছেন। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালানোর কথাও জানিয়েছেন তারা। তবে এসব কর্মকাণ্ডে ভারতীয় কর্তৃপক্ষের কোনো সহযোগিতা রয়েছে কি না, সে বিষয়ে দলটির নেতারা স্পষ্ট করে কিছু বলেননি।

আ.দৈ/একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝