বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ০)
X

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছে ভারত। বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান তুলে ধরেন।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার কথিত পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। তবে কোনো নাগরিকের ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার ইচ্ছা এবং প্রত্যর্পণের অনুরোধ দুটি ভিন্ন বিষয়।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তাঁর নিজের এবং বাংলাদেশ সরকারের মধ্যকার ব্যাপার বলেও মন্তব্য করেন জয়সওয়াল।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তাঁর দাবি, প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট পেতে আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি দুই দেশের সম্পর্কের অন্যতম টানাপোড়েনের কারণ হয়ে রয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝