ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির আবেদন শুরু কাল, ছাত্রীদের শতভাগ সহায়তা
নিজস্ব প্রতিবেদক

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
এবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হবে। চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।
আবেদন করবেন যেভাবে
উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর ফরমটি প্রতিষ্ঠানে জমা দিতে হবে। প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন ও তথ্য যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে (HSP-MIS) অন্তর্ভুক্ত করবে। পরে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব তথ্য অনলাইনে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে।
আবেদনের শেষ সময়
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। অন্যদিকে, উপজেলা বা মহানগর এলাকার উপদেষ্টা কমিটির সভায় সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠানোর শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১০টা। নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্ত বা পাঠানোর সুযোগ থাকবে না।
উপবৃত্তির টাকা পাবেন যেভাবে
উপবৃত্তির অর্থ শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে। আগে থেকেই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় থাকা অথবা HSP-MIS সফটওয়্যারে তথ্য অন্তর্ভুক্ত থাকা ছাত্রীদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে যেসব ছাত্রী এখনো উপবৃত্তি পাননি, তাদের বা তাদের অভিভাবকদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
বিস্তারিত তথ্য ও যোগাযোগ
উপবৃত্তির আবেদন ফরম, নির্দেশনা ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে: pmeat.gov.bd।
এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকেও আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে।
হেল্পলাইন: ০১৯১৬৬৫৮২৩০, ০১৩১৬৬৫৮৫২৯।
আ.দৈ/আরএস




















