টিআইবির গবেষণা
রাজউকের সিল ও প্যাড নকল করে ভুয়া অনুমোদনপত্র প্রদর্শন করে রিয়েল এস্টেট কোম্পানি

অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কিংবা পুরানো তারিখে ও নিয়মবহির্ভূতভাবে অনুমোদন নিয়ে আবাসিক প্রকল্প বাস্তবায়ন ও প্লট বিক্রি করে বিভিন্ন এস্টেট কোম্পানি। এমনকি গ্রাহককে রাজউকের সিল ও প্যাড জাল করে তৈরি করা প্রকল্পের ভুয়া অনুমোদনপত্র ও লে-আউট প্রদর্শন করে। একইসঙ্গে কোম্পানির রেজিস্ট্রেশন নম্বরকে প্রকল্পের নিবন্ধন নম্বর হিসেবে দেখায় দেশের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলো। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।বাংলাদেশ সংবাদ
বুধবার ঢাকার টিআইবি কার্যালয়ে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা উত্থাপন করে টিআইবি। গবেষণায় উঠে এসেছে, কোনো কোনো রিয়েল এস্টেট কোম্পানি লে-আউট প্ল্যানে প্রদর্শিত খেলার মাঠ, বিদ্যালয়, উপাসনালয় ও অন্যান্য কমিউনিটি সুবিধা বাস্তবে রাখে না, অথবা পরবর্তীতে এসব সুবিধার জন্য নির্ধারিত জমি বিক্রি করে দেয়। জনসংখ্যা অনুপাতে প্রয়োজনীয় রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার মতো বিষয়ে পরিকল্পনার মানদণ্ড অনুসরণ করে না; বড় প্রকল্পকে ছোট ছোট অংশে বিভক্ত করে আইনগত বাধ্যবাধকতা ও কমিউনিটি সুবিধা প্রদানের দায় এড়ানোর প্রবণতা রয়েছে।
এমনকি বিনামূল্যে প্রদানের কথা থাকলেও কমিউনিটি সুবিধার নামে প্লট ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগ রয়েছে বলেও গবেষণাপত্রে উল্লেখ করেছে টিআইবি।
গবেষণায় বলা হয়, পরিবেশগত শর্ত ও অনুমোদিত পরিকল্পনা মানদণ্ড বা কোড উপেক্ষা করে অনুমোদিত জমির চেয়ে বেশি জমিতে প্রকল্প পরিচালনা করে। উদাহরণস্বরূপ রাজধানীর হোলান ও আশকোনা অঞ্চলে একটি রিয়েল এস্টেট কোম্পানি অনুমোদিত ৪৩ একর ভূমিসহ প্রায় ২৩০ একর অননুমোদিত জলাভূমি ও নিচু জমি ভরাট করে প্রকল্পের সীমানা সম্প্রসারণ করে বিপণন শুরু করে, যা পরবর্তীতে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেন।
গবেষণার ফলাফলে বলা হয়, অনুমোদিত প্রকল্পের নকশা, জমির ব্যবহার বা অবকাঠামোগত বিন্যাসে পরিবর্তন আনা হয়। নির্মাণাধীন প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হয় না। নির্মাণকাজ চলাকালীন ধুলোবালি নিয়ন্ত্রণ করা হয় না; রাতে উচ্চশব্দে কাজ বা পাইলিংয়ের কারণে আশপাশের বাসিন্দাদের ভোগান্তি সৃষ্টি হয় ও সংলগ্ন স্থাপনার কাঠামোগত ক্ষতি হয়।
গবেষণার ফলাফলে টিআইবি আরও জানিয়েছে, কোনো কোনো রিয়েল এস্টেট কোম্পানি ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ও দলিল তৈরি করে, প্লট নম্বরকে মৌজা নম্বর হিসেবে দেখিয়ে এবং প্রকল্পের অনুমোদনের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে প্লট বিক্রি করে। কোম্পানির মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত, পারিবারিক অথবা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি এবং অন্যের জমিতে (বছরে ১০-২০ হাজার টাকার চুক্তিতে) সাইনবোর্ড স্থাপন করে সেগুলোকে প্রকল্পের জমি হিসেবে দেখিয়ে প্লট বিক্রয়ের অভিযোগ রয়েছে।
জমি ক্রয়/অধিগ্রহণ সম্পন্ন হওয়ার আগেই প্লট বিপণন শুরু করে এবং একই প্লট একাধিক ক্রেতার কাছে বিক্রি করে আর্থিক প্রতারণা করে। এতে আরও বলা হয়, প্রভাবশালী ক্রেতার স্বার্থ রক্ষার্থে পূর্বনির্ধারিত প্লট পরিবর্তন করে সাধারণ ক্রেতাকে নিম্নমানের ও কম মূল্যের প্লট বরাদ্দ দেয় অথবা বরাদ্দকৃত প্লট বাতিল করে।
গবেষণায় প্লটের মালিকানা হস্তান্তর ও মূল্য পরিশোধে অনিয়ম খুঁজে পেয়েছে টিআইবি। টিআইবি বলছে, প্লট হস্তান্তরে বিলম্ব, ক্রেতাকে না জানিয়ে একতরফাভাবে বরাদ্দ বাতিল, নানা ধরনের হয়রানি, এবং পরিশোধিত অর্থ ফেরত দিতে গড়িমসি বা অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। প্লট বিক্রয়ের ক্ষেত্রে ডেভেলপারের অনুমতিপত্র গ্রহণ বাধ্যতামূলক করার মাধ্যমে প্লট মালিকের স্বাধীনতা সীমিত করে।
আরও বলা হয়, কিস্তি পরিশোধের জন্য নির্ধারিত সময় ও অর্থ পরিশোধের পরও তা হিসাবভুক্ত বা রসিদ প্রদান করতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে। পরবর্তী কিস্তির সঙ্গে পূর্বের কিস্তি সমন্বয় না করার ফলে ক্রেতাকে 'খেলাপি' হিসেবে চিহ্নিত করে এবং এর ভিত্তিতে জরিমানা পরিশোধে বাধ্য করে। কিস্তি পরিশোধকালীন ক্রেতার মৃত্যু হলে উত্তরাধিকারীদের নামে চুক্তি হস্তান্তর, নাম পরিবর্তন ও কিপ্তি সমন্বয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও অজুহাত দেখিয়ে তাদের আর্থিকভাবে হয়রানি করে।
গবেষণার ফলাফল উত্থাপন করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে কোন সংস্থাগুলোতে 'কোনো অনিয়ম হচ্ছে না'- এটা নিরূপণ করা ইম্পসিবল। আমরা যদিও একদিকে বলছি সবাই সমানভাবে ক্ষমতার অপব্যবহার করছে বা দুর্নীতি করছে, আইন লঙ্ঘন করছে- কিন্তু এই লঙ্ঘনের মাত্রা কম-বেশি। সার্বিকভাবে পুরো খাতের মধ্যেই প্রায় সকল সংস্থারই এই ধরনের অনিয়মের দৃষ্টান্ত বা অভিযোগ আছে।
আ.দৈ/এসআর




















