মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএসের মানে নেওয়ার চিন্তা করছে সরকার : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৬:৫৩ পিএম  (ভিজিট : ১)
X

সরকার এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএসের মানে নেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে হবে। এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানের কাছাকাছি নেওয়ার বিষয়েও সরকার চিন্তা করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষকতার বড় অর্জন অর্থ কিংবা পদমর্যাদা নয়, বরং সামাজিক মর্যাদা ও মানুষের সম্মান। একই সঙ্গে শিক্ষকদের আগের চাকরির পদমর্যাদা ও বেতনের সঙ্গে শিক্ষকতার তুলনা না করার পরামর্শ দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি শিক্ষকতা করতে গিয়ে নিজে কতটা শিখলেন এবং সমাজ ও দেশের জন্য কী অবদান রাখলেন, সেটিও গুরুত্বপূর্ণ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আপনি কতজন ছাত্র-ছাত্রীকে ভালোভাবে পড়িয়ে ভালো মানুষ বানিয়েছেন, এটা হলো আপনার নম্বর ওয়ান সাফল্য। নম্বর টু স্যাটিসফ্যাকশন হলো, এই শিক্ষাপদ্ধতি শেখানোর সময় নিজে কতটা শিখলেন, নিজের কতটা জ্ঞান বাড়লো।

শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে সরকার কাজ করছে। বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের বিদ্যমান প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ শুধু গতানুগতিক বা রুটিননির্ভর হলে চলবে না। প্রশিক্ষণে নতুন ধারণা, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার ও বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা সবাই শিক্ষক। প্রত্যেক শিক্ষকই একজন শিক্ষার্থী। আমি শিখব, আপনি শিখবেন, আপনি শেখাবেন, আমি শেখাবো।

প্রশিক্ষণ থেকে কী শিখেছেন, কী শিখতে পারেননি এবং কী শেখার প্রত্যাশা ছিল, তা লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি। শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।



আ দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝