বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ভারত থেকে আ’লীগ নেতারা এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ০)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ভারত বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা  দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপি) আহ্বায়ক নাহিদ এ মন্তব্য করেন। সেই সঙ্গে সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান।

নাহিদ বলেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখা পেট্রলবোমা হামলার শিকার হয়েছে। আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। তাদের ক্ষুদ্রঋণ কর্মসূচির স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি—ব্যাংক ও দেশের জন্য দুটি ঐতিহাসিক মাইলফলক।

এনসিপির আহ্বায়ক জানান, অধ্যাপক ইউনূসের সঙ্গে সম্পৃক্ততার কারণে হামলাকারীরা ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করলেও বাস্তবতা হলো, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক এর ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশের মালিক সরকার। অধ্যাপক ইউনূস এই ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি স্থাপন করেছেন।

সাম্প্রতিক এসব হামলা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থতার চিত্রও তুলে ধরেছে বলে মন্তব্যও করেন তিনি।

নাহিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে, ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা বন্ধ করতে এবং এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আমি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতের মাটি থেকে এসব কার্যক্রম পরিচালনা করছে। এই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।‘

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানায়, দলটির মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ চিত্র স্বীকার করে এবং আনুষ্ঠানিকভাবে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া অভ্যুত্থানের সময় সর্বোচ্চ এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।’

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝