৫৩ বলে ডাবল সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন সূর্যবংশীর
স্পোর্টস ডেস্ক

অবিশ্বাস্য ব্যাটিংয়ে এক ইনিংসেই লিস্ট-এ ক্রিকেটের দুটি বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরির পর ৫২ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭টি চার ও ২৮টি ছক্কায় ২০৪ রান করে থামেন তিনি।
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই রেকর্ড গড়েন সূর্যবংশী। তাঁর বিধ্বংসী ইনিংসে ভেঙে যায় লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড।
এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চাদ বয়েসের দখলে। ২০২৪ সালে কেন্টারবারির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার মাত্র ৫২ বলেই সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী।
এ ছাড়া ২৮ বলে সেঞ্চুরি করে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছেন তিনি। এর আগে ২৯ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। ২০২৩-২৪ মৌসুমে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন এই প্রোটিয়া ব্যাটার।
আ.দৈ/আরএস




















