মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ০)
X

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনো অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি, আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিতে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। ভোক্তাদের কাছে যাতে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। একইসঙ্গে তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করে জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 

বৈঠকে জানানো হয়, সারাদেশের খাদ্যগুদামসমূহের মজুদ ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার টন থেকে বৃদ্ধি করে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কমিটির পক্ষ থেকে বর্তমানে সারাদেশের খাদ্যগুদামসমূহের প্রকৃত চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়। 

যে সব খাদ্যগুদাম অনেক পুরনো এবং ব্যবহার উপযোগী নয় সেগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক বাতিল করে প্রয়োজনে নতুন খাদ্যগুদাম স্থাপনের পরামর্শ প্রদান করা হয়। খাদ্যগুদামসমূহে পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাক ঝুঁকি হ্রাসে সঠিক আদ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিকাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এছাড়াও খাদ্যগুদাম নির্মাণের ক্ষেত্রে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি ফেব্রিকেটেড স্ট্রাকচারে নির্মাণের বিষয়েও পর্যালোচনা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। 

আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে বিগত প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। 

খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল বিতরণে বিশৃঙ্খলা পরিহারের লক্ষ্যে সংশোধিত নীতিমালায় পূর্বের প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলারের পরিবর্তে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন করে ডিলার নিয়োগের বিধান করা হয়েছে বলে জানানো হয়। 

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে বলে জানানো হয়। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে বলে তথ্য দেওয়া হয়। 

বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আ.দৈ/এসআর





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝