রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ দমনে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যাম্প দুটি রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের অধীনে পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়মিত অপহরণের ঘটনা ঘটছে। বিভিন্ন স্থান থেকে মানুষকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, এর আগে মাদকবিরোধী একটি সভায় রঙ্গিখালীসহ দুটি এলাকায় সেনা ক্যাম্প স্থাপনের বিষয়টি আলোচনায় এসেছিল। পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা গেলে অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পগুলোতে মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার মতো সমস্যা রয়েছে। এ ছাড়া অস্ত্রসহ নানা অপরাধও সংঘটিত হচ্ছে। এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আ.দৈ/আরএস




















