পায়ুপথে ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ৩টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারির সময় আরমান উদ্দিন সিদ্দিক নামে ওই যাত্রীকে সন্দেহ হয়। ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট এলাকায় তাঁকে তল্লাশি করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, তল্লাশির একপর্যায়ে তাঁর পায়ুপথে সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকৃতির স্বর্ণ পাওয়া যায়। প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে মোট ওজন দাঁড়ায় ১ কেজি ২৯০ গ্রাম।
কাস্টমসের দাবি, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধন করা হলে প্রায় ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা করার কার্যক্রম চলছে।
আ.দৈ/আরএস




















