গাজী নজরুলের জামিন নিয়ে বিচারকের পর্যবেক্ষণ, ‘বিরূপ প্রতিক্রিয়া’
নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আপসনামা পর্যালোচনা করে আদালত বলেছেন, এ ধরনের অনাপসযোগ্য মামলায় শুধু আপসনামার ভিত্তিতে জামিন দেওয়া হলে সমাজে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হতে পারে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান। তিনি আদালতকে জানান, মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে এবং বাদীপক্ষের জামিনে আপত্তি নেই।
তবে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাঁকে। এর আগে ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন আবেদন করা হলে আদালত মাকছুদাকে জামিন দেন, তবে নজরুলের আবেদন নাকচ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বাবা শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলার পর নজরুলের দুই দফায় মোট আট দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আ.দৈ/আরএস




















