পালানোর মামলায় হাজিরা দিতে এসে আদালত থেকেই ফের পালালেন শরিফুল
নিজস্ব প্রতিবেদক

ঢাকার আদালত থেকে ফের পালিয়েছেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম (২৮)। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে শুনানি শেষে তাকে হাজতখানায় নেওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
শরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি খিলগাঁও থানায় কিশোর জিসান হোসেন হত্যা মামলার আসামি। ওই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
আদালত সূত্রের বরাতে জানা যায়, সাক্ষী উপস্থিত না থাকায় মঙ্গলবারের কার্যক্রম শেষে শরিফুলকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম। এ সময় হাতকড়া খুলে তিনি পালিয়ে যান।
এর আগে ২০২৫ সালের ১৯ জুনও আদালত থেকে পালিয়েছিলেন শরিফুল। ওই দিন জিসান হত্যা মামলায় হাজির করার পর এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
ওই ঘটনায় হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় শরিফুলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্যই মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছিল।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, কোতোয়ালি থানার মামলার হাজতি আসামি কৌশলে হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আ.দৈ/আরএস




















