মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুর তীব্রতা কমার লক্ষণ নেই, অক্টোবরজুড়ে বাড়ার শঙ্কা
শাহীন রহমান
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৯)
X

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক দিকে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর ছিল ডেঙ্গুর সবচেয়ে প্রাণঘাতী মাস। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই অক্টোবরের শুরুতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৭৫৪ জন। 

বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, সেপ্টেম্বরেই ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সেপ্টেম্বর মাসে ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১৪৮ জন—চলতি বছরের এক মাসে সর্বোচ্চ। আগস্টে মৃত্যু ছিল ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন। অর্থাৎ সেপ্টেম্বরেই মৃত্যুর সংখ্যা আগের দুই মাসের তুলনায় কয়েক গুণ বেড়েছে। 

অক্টোবরের শুরুতেও সেই ঊর্ধ্বগতি থামেনি। গত ৪ অক্টোবরের ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি ও ছয়জনের মৃত্যুর পরের দিনই আরও ১ হাজার ৯০২ জন ভর্তি এবং নয়জনের মৃত্যুর তথ্য এসেছে। ফলে সামগ্রিক প্রবণতা বলছে, সেপ্টেম্বরের শীর্ষ সংক্রমণের পরপরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসেনি।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেছেন, সাম্প্রতিক বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তন এডিস মশার প্রজননের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। বৃষ্টির পরপরই রোগী বাড়ে না; বৃষ্টিপাতের প্রভাব সংক্রমণে প্রতিফলিত হতে প্রায় ৪৫ থেকে ৬০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। ফলে সাম্প্রতিক বৃষ্টির প্রভাব অক্টোবরেও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। 

এ কারণে অক্টোবরকে ডেঙ্গু নিয়ন্ত্রণের মাস হিসেবে দেখার সুযোগ কম। চলতি মাসেই পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক বাশারের পূর্বাভাস অনুযায়ী, সংক্রমণ অক্টোবরের দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এবং নভেম্বরের দিকে পরিস্থিতি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সংক্রমণের সময়কালও দীর্ঘ হতে পারে। 

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছেন ডেঙ্গুর বিস্তার এখন আর শুধু ঢাকাকেন্দ্রিকও নেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাতেই ৪০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনায় ৩০৬, চট্টগ্রামে ২৭২ এবং বরিশালে ২১৬ জন ভর্তি হয়েছেন। অর্থাৎ রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলও সংক্রমণের চাপের মধ্যে রয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে শুধু মশক নিধন কার্যক্রম বা ফগিংয়ের ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং স্থানীয় পর্যায়ে নিয়মিত নজরদারি জরুরি। বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মতো পরিবেশগত বিষয় পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও মশার প্রজননস্থল এবং আক্রান্ত মানুষের মাধ্যমে সংক্রমণের বিস্তার কমানোর সুযোগ রয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানও বলছে ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৫ সালেও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত সেই সংখ্যায় না পৌঁছালেও অক্টোবরের শুরুতেই মৃত্যু ২৭১ ছাড়িয়েছে এবং সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সব মিলিয়ে, ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন অক্টোবরজুড়ে সংক্রমণ ও মৃত্যুর চাপ অব্যাহত থাকতে পারে; নভেম্বরের দিকে বৃষ্টিপাত কমলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। তবে কার্যকর মশক নিয়ন্ত্রণ ও প্রজননস্থল ধ্বংসে ব্যর্থ হলে এই সময়সীমা আরও দীর্ঘ হতে পারে।



আ.দৈ/এসআর












Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝