ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন,নগরবাসীকে সাথে নিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের হকার মুক্ত ফুটপাত, ডেঙ্গুমুক্ত নগর উপহার দেওয়া হবে।
আজ শনিবার (৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে আয়োজিত ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন কালে তিনি এ কথা জানান। প্রশাসক বলেন, "আমরা বিগত তিন মাস ধরে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিভিত্তিক এই বিশেষ অভিযান পরিচালনা করছি।
আমাদের প্রধান লক্ষ্য নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা করা এবং ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা।"
তিনি জানান, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসা-বাড়ি ও পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করছেন। তিনি বাসা-বাড়ি ও নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
প্রশাসক আরো জানান, বর্তমানে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম (মাত্র ৮০ জনের মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন)।
নগরবাসী ও ডিএনসিসির সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি আরো জানান,সরকার ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে ডিএনসিসি স্থানীয় হাউজিং সোসাইটি, মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনের সাথে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছে।
প্রশাসক বলেন, ১০ নম্বর এলাকার হোপ মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা ফুটপাত সফলভাবে উদ্ধার করা হয়েছে। জনগণের সুবিধার জন্য এ ধরনের ফুটপাত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
পুনর্দখল রোধে স্থানীয় জনগণ, সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। প্রশাসক শহরের সামগ্রিক উন্নয়ন ও মশক নিয়ন্ত্রণে গণমাধ্যমসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতার অনুরোধ জানান।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ সৈয়দ রাকিবুল হাসান পি.এস.সি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী. এস.বিএন (পিনং-১০৭৬), সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ রকিব হাসান, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম,সহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক এবং তেজগাঁও, মোহাম্মদপুর, ইন্দিরা রোড ও রাজাবাজার এলাকার বাসিন্দারাও অনুষ্ঠানে অংশ নেন।
আ.দৈ./একে




















