নিজ বাসার সৌরবিদ্যুৎ থেকে গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের এক হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং আরও ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে ইউএনও ও ডিডি (এলজি)দের নিয়ে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শুধু ঘোষণা দেননি, নিজের বাসভবনে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে তা বাস্তবায়নও শুরু করেছেন। গত তিন দিনে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ নিজ বাসার চাহিদা মেটাতে ব্যবহার এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, সমবায় ভবনসহ বিভিন্ন সরকারি ও জাতীয় ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে। এসব স্থাপনায় উৎপাদিত বিদ্যুৎ দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে সরবরাহের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসায়িক কার্যক্রম হিসেবেও বিবেচনা করার কথা বলেন তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার সুযোগ না দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইউএনওদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ কাজে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী ।মীর শাহে আলম বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষ অনেক সময় তাৎক্ষণিক সহায়তার জন্য ইউএনওদের কাছে আসেন। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়ার জন্য প্রত্যেক ইউএনওর জন্য একটি ঐচ্ছিক তহবিল থাকা প্রয়োজন।
তার মতে, এই তহবিল থেকে জরুরি প্রয়োজনে দরিদ্র মানুষকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া যেতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থের ব্যবস্থা করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে এ ধরনের বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ ছাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিদ্যুতের নেট মিটারিং-সংক্রান্ত বিষয়গুলো সমাধানের কথাও বলেন প্রতিমন্ত্রী।
সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়নে ইউএনওদের ভূমিকার কথা তুলে ধরেন মীর শাহে আলম। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি উপজেলা পর্যায়ে বাস্তবায়নে তারা সরাসরি তদারকি করছেন বলে জানান তিনি।
ডিসি সম্মেলনের মতো ইউএনওদেরও নিয়মিত বার্ষিক সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা ও দাবিগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়াতে হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা ও চাপ কমানো সম্ভব হবে।
আ.দৈ/এসআর




















