উত্তরায় ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল মাহবুব ওরফে মাসুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আকতার হোসেন বিষয়টি জানান। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উত্তরা পূর্ব থানার একটি টহল দল সেক্টর-৪-এর ৩ নম্বর সড়কের একটি ভবনের দশম তলার ফ্ল্যাটে যায়।
অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে ভয়ভীতি দেখান। তার বিরুদ্ধে মামলা হয়েছে দাবি করে বিষয়টি মীমাংসার জন্য তারা ১০ লাখ টাকা দাবি করেন। ভীত হয়ে জাহেদী তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে ওই ব্যক্তিদের আচরণে সন্দেহ হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজনদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আ.দৈ/এসআর




















