আ’লীগের সাবেক এমপির বাসায় আটক ছাত্রলীগের ১৫ জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী দলীয় নেতা বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের রাজধানীর উত্তরা পশ্চিম এলাকার বাসা থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
আটক ১৪ জনের বিরুদ্ধে তিন দিন করে এবং একজনের বিরুদ্ধে একদিন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড পাওয়া আসামিরা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব, ফারজানা ও হাসিব মিয়া।
এদিন পুলিশ তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ইকবাল হোসেন এ আবেদন করেন।
রিমান্ড আবেদনের ওপর শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিলের পাশাপাশি তাদের জামিনের আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার পর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় পুলিশ অভিযান চালায়। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের দাবি, অভিযানের সময় ওই বাসা থেকে ১৫ জনকে আটক করা হয়। এ সময় আরও ২০ থেকে ২২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।
অভিযানে বাসার একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে ২০ পাতার একটি নথি উদ্ধারের কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। এতে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত ছিল বলে এজাহারে বলা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন বলেও মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।
আ. দৈ./একে




















