৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, এমবিবিএস, বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত। পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
পিএসসি জানিয়েছে, নভেম্বর মাসে লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে এবং ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
পিএসসির তথ্য অনুযায়ী, গত বছরের ২৬ নভেম্বর সর্বশেষ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সাধারণ এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এতে ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর আগে ৪৯তম বিসিএস ছিল বিশেষ বিসিএস। ওই পরীক্ষার মাধ্যমে সরকারি কলেজের জন্য ৬৮৩ জন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় পিএসসি।
স্বাস্থ্য ক্যাডারে সর্বশেষ বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ৪৮তম বিসিএসে। ওই পরীক্ষার মাধ্যমে তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ৩ হাজার ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ২ হাজার ৮২০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন পান।
আ.দৈ/এসআর




















