সংবিধান সংস্কারে সংসদীয় বিশেষ কমিটির উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলের
নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংশোধনের জন্য সংসদে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ১১-দলীয় ঐক্য। গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্যের ছয় দফা দাবি তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়কে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সম্মান করা উচিত। তাঁর ভাষ্য, গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়নে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং জনগণের রায় উপেক্ষা করে কোনো বিকল্প প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।
গোলাম পরওয়ারের দাবি, সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়নের বিকল্প ব্যবস্থা তৈরির উদ্যোগ ১১-দলীয় ঐক্য সমর্থন করে না। তাঁর মতে, সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য একই ব্যক্তি হতে পারলেও দুই প্রতিষ্ঠানের আইনগত পরিচয়, ক্ষমতার উৎস ও কার্যপরিধি পৃথক।
সংবাদ সম্মেলনে জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার কার্যকর করা, সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে বিকল্প প্রক্রিয়া বন্ধ করা এবং নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করা।
এ ছাড়া জনগণের সম্মতি ও গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করে সংবিধানের মৌলিক কাঠামোতে একতরফা পরিবর্তনের উদ্যোগ থেকে বিরত থাকা এবং জনগণের প্রত্যাশা, গণভোটের রায় ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছে জোটটি।
গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই জাতীয় সনদ এবং গণভোটে প্রকাশিত জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোই সাংবিধানিক মতপার্থক্য নিরসনের গণতান্ত্রিক পথ। জনগণের ভোটকে রাজনৈতিক সুবিধা অনুযায়ী গ্রহণ বা উপেক্ষা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















