মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসবে স্ক্যানার
নিজস্ব প্রতিবেদক

মাদক চোরাচালান প্রতিরোধে আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিমানবন্দর, মোংলা নৌবন্দর ও বাস টার্মিনালগুলোতে স্ক্যানার ও এক্স-রে মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করতে জনবল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে সার্কেল স্থাপনের জন্য সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে অফিস ভবন নির্মাণের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
চলতি অর্থবছরে মাদকবিরোধী অভিযান জোরদারে অতিরিক্ত যানবাহন, বডি ওর্ন ক্যামেরা ও আধুনিক সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। সারাদেশে রাসায়নিক পরীক্ষাগার স্থাপনের কাজও দ্রুত শুরু করা হবে বলে জানান তিনি।
এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। ডগ স্কোয়াড, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার নিরাপত্তা ইউনিটের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে মেহেরপুর-১ আসনের সীমান্তবর্তী এলাকাসহ সারাদেশে মাদক চোরাচালান প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল, যানবাহন ও আধুনিক সরঞ্জাম সক্ষমতা বাড়বে।
আ.দৈ/এসআর




















