রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসডিজি অর্জনে তামাকজাত পণ্য নেতিবাচক প্রভাব ফেলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৩৫)
X

বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে (এনসিডি) হয়ে থাকে। এসব রোগের অন্যতম প্রধান কারণ তামাক ও নিকোটিন পণ্য। ফলে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন ও এর কঠোর বাস্তবায়ন ছাড়া অসংক্রামক রোগে অকালমৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনার এসডিজি লক্ষ্য অর্জন কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তারা।বৈঠকে বক্তারা সরকারের পাঁচ বছর মেয়াদি এসডিজি বিষয়ক কৌশলগত উদ্যোগ এগিয়ে নিতে তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে আরও শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


গোলটেবিল বৈঠকে জানানো হয়, বাংলাদেশে তামাক ব্যবহারজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ মারা যান। তামাকের ব্যবহার এসডিজির স্বাস্থ্যবিষয়ক লক্ষ্য-৩ অর্জনের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু স্বাস্থ্য নয়, দারিদ্র্য নির্মূল, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, পরিবেশ, জলবায়ু এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ এসডিজির প্রায় সব লক্ষ্য অর্জনেই তামাক নেতিবাচক প্রভাব ফেলছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, সরকার সম্প্রতি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করেছে, যা ইতিবাচক উদ্যোগ। তবে ই-সিগারেট, ভেপিংসহ নতুন ধরনের তামাক ও নিকোটিন পণ্যকে আইনের আওতার বাইরে রাখা নিয়ে উদ্বেগ রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এসব পণ্যের ক্ষেত্রেও দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশ এসব পণ্য নিষিদ্ধ করেছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

সদ্য সংশোধিত আইনের আওতায় দ্রুত প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে আইন ও নীতিমালা সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আর্টিকেল ৫.৩ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য খাতের বিষয় নয়; এটি দেশের উন্নয়ন, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তামাক নিয়ন্ত্রণে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার বাস্তবায়ন করা গেলে এসডিজি অর্জনের পথ আরও সহজ হবে।

বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ক্যানসারে আক্রান্ত মানুষের কষ্টের মধ্য দিয়ে তামাকের ভয়াবহ পরিণতি স্পষ্ট। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, জনসচেতনতা তৈরির মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ বলেন, এসডিজি ও অসংক্রামক রোগ প্রতিরোধের সঙ্গে তামাক নিয়ন্ত্রণকে সম্পৃক্ত করে গণমাধ্যমে আরও বেশি সংবাদ প্রকাশ করা প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা। আত্মার কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার হেড অব প্রোগ্রামস হাসান শাহরিয়ার।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝