সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহবিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির
নিজস্ব প্রতিবেদক

‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬’ কোরআন-সুন্নাহর পরিপন্থী দাবি করে বিলটি জাতীয় সংসদে পাস না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
রোববার রাতে সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো সামাজিক সমস্যা রয়েছে। তবে এ সমস্যা সমাধানের নামে ইসলামী উত্তরাধিকার ও হেবা ব্যবস্থার মূলনীতি পাশ কাটানো উচিত নয়।
নাজিবুর রহমানের দাবি, প্রস্তাবিত আইনে সম্পত্তি দানের পর দাতার আজীবন ভোগদখলের যে সুযোগ রাখা হয়েছে, তা ইসলামী আইনের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে আল্লাহ নির্ধারিত মিরাস বা উত্তরাধিকার বিধানকে পাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, মুসলিম পারিবারিক আইন ও উত্তরাধিকার ব্যবস্থায় শরিয়াহর বিধান দীর্ঘদিন ধরে স্বীকৃত। বাবা-মায়ের অধিকার রক্ষায় ২০১৩ সালে আইনও করা হয়েছে। তাই সামাজিক সমস্যার সমাধানে বিদ্যমান আইন কার্যকর করাই যথেষ্ট বলে মনে করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে জামায়াতের এই সংসদ সদস্য বিলটির পক্ষে ভোট দেওয়া সংসদ সদস্যদের এর দায়ভার নিতে হবে বলে সতর্ক করেন এবং কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধান পাস না করার জন্য সংসদের প্রতি আহ্বান জানান।
আ.দৈ/আরএস




















