নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকদের উদ্ধারে অভিযান
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে আকস্মিক এ দুর্ঘটনায় ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে মোট কতজন আটকা রয়েছেন, সে বিষয়ে দিল্লি পুলিশ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকর্মীদের সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নিয়েছেন। ভবনের ভেতর থেকে আটকে পড়াদের বাঁচার আকুতি শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় এক বিধায়ক জানান, ভবনের ভেতর থেকে শিক্ষার্থীরা ফোন করে সহায়তা চাইছেন। এতে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত উদ্ধারকাজ চালানোর কথা জানিয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে। সত্য নিকেতন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত একটি ঘনবসতিপূর্ণ ছাত্রাবাস এলাকা।
আ.দৈ/আরএস




















