নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯
আন্তর্জাতিক ডেস্ক

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বন্যার পর এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি। এছাড়া একটি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীও নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন জানিয়েছে, প্রাথমিক হিসাবে প্রায় ৯৩ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। সংস্থাটি সতর্ক করেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত বুধবার আকস্মিক বন্যায় নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্গত এলাকায় হেলিকপ্টার দিয়ে জীবিতদের সন্ধান ও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। বিচ্ছিন্ন শহর ও উপত্যকাগুলোতে আটকে পড়া হাজার হাজার মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে, জরুরি পরিষেবা সংস্থাগুলো বিভিন্ন এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আ.দৈ/আরএস




















