ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের হামলায় যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র ৪ দিন বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক

সাইবার হামলার প্রভাব এখন আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবায় সীমাবদ্ধ নেই। যুক্তরাজ্যে ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলার পর একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছে। তবে ব্রিটিশ সরকার জানিয়েছে, এতে দেশটির জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি তৈরি হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে আক্রান্ত বিদ্যুৎকেন্দ্রটির নাম ও অবস্থান প্রকাশ করা হয়নি। ব্রিটিশ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারও হামলা সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে তারা নিশ্চিত করেছে, এটি কোনো বড় বিদ্যুৎকেন্দ্র বা জরুরি পরিষেবার ওপর হামলা ছিল না।
হামলার পর বিদ্যুৎকেন্দ্রটি চার দিন বন্ধ থাকে। দেশটির জ্বালানি নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ঘটনার প্রভাব একটি ছোট উৎপাদনকেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং বৃহত্তর বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থায় কোনো সময় ঝুঁকি তৈরি হয়নি।
ঘটনার পর বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে সাইবার হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাইবার নিরাপত্তা আরও জোরদারে নিয়মকানুন হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ দিকে নতুন জ্বালানি স্থিতিস্থাপকতা কৌশলও প্রণয়ন করবে যুক্তরাজ্য।
বিশেষজ্ঞদের মতে, ইরানকে বিশ্বের অন্যতম সক্ষম সাইবার শক্তি হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলার আশঙ্কা আরও বেড়েছে। যুক্তরাজ্যের এই ঘটনা সেই উদ্বেগকে নতুন করে সামনে এনেছে।
আ.দৈ/আরএস




















