রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বসিলায় হবে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৩৬)
X

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মোহাম্মদপুরের বসিলা এলাকায় নতুন একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মোহাম্মদপুরকে ঢাকার শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে আরও উন্নত করতে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বসিলা এলাকায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা পুরো নতুন একটা যুগের মুখোমুখি দাঁড়িয়ে আছি। নতুন এআই প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তির কারণে অনেক পুরোনো পেশা বিলুপ্ত হয়ে যাবে, আবার নতুন অনেক পেশা ও সুযোগ তৈরি হবে। সবকিছুই মোটামুটি প্রযুক্তিনির্ভর হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে প্রস্তাবিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্স বিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। ক্লাস ৮ থেকে ১২-এর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এক লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও রয়েছে বলে জানান তিনি।

এছাড়া, প্রতিযোগিতায় বিজয়ীদের এক দিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তার প্রত্যাশা, ভবিষ্যতে এসব শিক্ষার্থী প্রকৃত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফিরোজা বাশার আইডিয়াল কলেজ থেকে ২৬৬ জন এসএসসি পাস করেছেন। মোহাম্মদপুর-এর মধ্যে শতভাগ পাশের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফিরোজা বাশার আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ফিরোজ মুকুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝