রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চাইল ঢাকা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকারের দেওয়া সাম্প্রতিক বিবৃতির ব্যাখ্যা চেয়েছে ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। মঙ্গলবার দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম বলেন, মিয়ানমার থেকে প্রকাশিত বিবৃতির বিষয়টি নিয়ে আলোচনা করতেই রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। তবে এটিকে আনুষ্ঠানিকভাবে ‘তলব’ না বলে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে শনিবার দেওয়া এক বিবৃতিতে মিয়ানমার সরকার দাবি করে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন লাখের বেশি মানুষ রাখাইন রাজ্যের বাসিন্দা। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের মধ্য থেকে প্রায় তিন লাখ মানুষকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগ্রহের কথাও জানায় দেশটি।
বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে মিয়ানমার। বিষয়টি নিয়ে ঢাকার প্রতিক্রিয়ার মধ্যেই দেশটির রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলো।
আ.দৈ/আরএস




















