ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি এবং তাঁর সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা নিয়ে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা ও তাঁর বোন উজমা খান করা আবেদনের শুনানি শেষে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালত বলেছেন, কারাগারে থাকা কোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার। একই সঙ্গে ইমরান খানের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই বোর্ডে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল ও ডা. উজমা খানকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসার বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয় পরিবার বহন করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
তবে হাসপাতালে নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, সে বিষয়েও সতর্ক করেছে আদালত।
আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া চিকিৎসা প্রতিবেদনে ইমরান খানের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের গুরুতর উপসর্গের কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তাঁর উদ্বেগের মাত্রা ‘লেভেল থ্রি প্লাস’, যা গুরুতর হিসেবে বিবেচিত। সর্বশেষ গত ১০ আগস্ট একটি মেডিকেল বোর্ড তাঁকে পরীক্ষা করে। ওই বোর্ডে চক্ষু, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান মাথায় ভারী অনুভূতি এবং দ্রুত হৃদস্পন্দনের অভিযোগ করেছেন। তবে তাঁর বুকে ব্যথা, চাপ অনুভূত হওয়া বা শ্বাসকষ্টের কথা পাওয়া যায়নি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রক্তচাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণে তাঁকে ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশের ফলে কারাগারে থাকা ইমরান খানের চিকিৎসা ব্যবস্থাপনা এখন নতুন করে আদালতের নজরদারিতে আসছে।
আ.দৈ/আরএস




















