প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৫১ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৯:৩৩ পিএম (ভিজিট : ৬০)

X
ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন। রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে তার কিছু আচরণ ‘অনুপযুক্ত’ হওয়ায় সুলতানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, পেঙ্গিরান রাবি’আতুল আদাউইয়াহর কিছু কর্মকাণ্ড রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে তার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এসব আচরণ রাজপরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি যথাযথ সম্মানের ঘাটতি প্রকাশ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে ঠিক কী ধরনের আচরণের কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ব্রুনেইয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজও জানিয়েছে, তার কর্মকাণ্ড সুলতানের প্রতি অসম্মান এবং রাজতন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি।
৩৩ বছর বয়সী রাবি’আতুল আদাউইয়াহ ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। সিংহাসনের উত্তরাধিকারক্রমে প্রিন্স আবদুল মালিক চতুর্থ অবস্থানে রয়েছেন। সুলতানের নির্দেশে রাবি’আতুল আদাউইয়াহ তার ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ রাজকীয় উপাধি হারিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এর আগে সুলতান রাজপরিবারের অন্য সদস্যদেরও রাজকীয় উপাধি বাতিল করেছেন। ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার উপাধি বাতিল করা হয়। একইভাবে, ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিচ্ছেদের পর তার রাজকীয় উপাধিও প্রত্যাহার করা হয়েছিল।
তবে রাবি’আতুল আদাউইয়াহর ক্ষেত্রে বিষয়টি আলাদা। তিনি এখনো সুলতানের পুত্র প্রিন্স আবদুল মালিকের স্ত্রী এবং তাদের বিবাহবিচ্ছেদের বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি।
২০১৫ সালে রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে প্রিন্স আবদুল মালিককে বিয়ে করেন রাবি’আতুল আদাউইয়াহ। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ও উৎসব চলে প্রায় ১০ দিন। এতে দেশ-বিদেশের হাজারো অতিথি অংশ নেন।
এই দম্পতির চার সন্তান রয়েছে—১০ বছর বয়সী প্রিন্সেস মুথি’আহ, আট বছর বয়সী প্রিন্সেস ফাত্তিয়াহ, ছয় বছর বয়সী প্রিন্সেস খালিশাহ এবং ১৬ মাস বয়সী প্রিন্সেস নাবিলাহ। জানা গেছে, মায়ের রাজকীয় উপাধি বাতিলের সিদ্ধান্ত তাদের উপাধির ওপর কোনো প্রভাব ফেলেনি।
প্রিন্স আবদুল মালিক সুলতানের প্রথম স্ত্রী রানি সালেহার সন্তান। তিন স্ত্রীর ঘরে সুলতান হাসানাল বলকিয়াহর মোট ১২ সন্তান রয়েছে। ৮০ বছর বয়সী এই সুলতান ব্রুনেইয়ের নিরঙ্কুশ রাজতন্ত্রের শাসক।
বোর্নিও দ্বীপে অবস্থিত তেলসমৃদ্ধ ব্রুনেই তিন দিক থেকে মালয়েশিয়া দ্বারা বেষ্টিত। ১৯৬৮ সালে দেশটির ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন হাসানাল বলকিয়াহ। দীর্ঘ শাসনকালের কারণে তিনি বর্তমানে বিশ্বের জীবিত রাজাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা শাসক।
সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমান বিশ্বের বৃহত্তম আবাসিক প্রাসাদ হিসেবে পরিচিত। প্রাসাদটিতে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ। দীর্ঘ সময়ের শাসনে তেল ও গ্যাসসম্পদে সমৃদ্ধ ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।
আ.দৈ/এসআর