রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৩৮)
X

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইস্ট নুসা তেনগারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াদেস লাকা লেনা এক সংবাদ সম্মেলনে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দেশটির জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা দুজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়।

রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান জানান, প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

তিনি বলেন, আরও তথ্য যাচাই ও নিশ্চিত হওয়ার পর হতাহতের চূড়ান্ত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের কয়েকটি উপকূলীয় এলাকায় প্রায় তিন ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। এ ঘটনায় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলে আতঙ্কিত বহু মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু এলাকায় চলে যান। পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।

বিএমকেজির ভূমিকম্প ও সুনামি বিভাগের পরিচালক উইজায়ান্তো জাকার্তায় সাংবাদিকদের বলেন, সুনামি সতর্কতা প্রত্যাহার করা হলেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে ভূমিকম্পের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের মাউমেরে শহরের একটি বন্দরের ভিডিওও রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির অবস্থান যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওতে একটি ভবনের অংশবিশেষ ধসে পড়তে এবং আতঙ্কিত মানুষকে চিৎকার করতে করতে রাস্তায় ছুটে যেতে দেখা যায়।

স্থানীয় কমপাস টিভিতে প্রচারিত আরেকটি ভিডিওতে ইস্ট নুসা তেনগারা প্রদেশের এন্দে এলাকার একটি হাসপাতাল থেকে রোগীদের দ্রুত বাইরে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেছে।

আ.দৈ/এসআর





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝