রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ৪৮)
X

 মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটনকে ওই অঞ্চলে মোতায়েন করা হতে পারে। বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে গত ২০০ দিনে রণতরিটি কোনো বন্দরে নোঙর করেনি। দীর্ঘ সময় ধরে বিরতিহীন মোতায়েনের কারণে রণতরিটির নাবিকদের জীবনযাত্রার মান, কর্মপরিবেশ ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা।

গত বছরের নভেম্বরে আব্রাহাম লিংকনকে মোতায়েন করা হয়। পরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আগে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে রণতরি ও এর যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী সময়ে ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ কার্যকর রাখার অভিযানেও এটি অংশ নেয়।

দীর্ঘ সময়ের সামরিক দায়িত্ব পালনের কারণে রণতরিটির নাবিকেরা অতিরিক্ত চাপের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। এ বিষয়ে পেন্টাগনের কাছে নাবিকদের জীবনযাত্রা ও কর্মপরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাওকে দেওয়া এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল রণতরিটিতে মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি, পানিদূষণ, পয়োনিষ্কাশনব্যবস্থার সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে ডাকব্যবস্থায়ও নানা ধরনের বিঘ্নের অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ব্লুমেনথাল বলেন, জাহাজে পাঠানো অনেক পার্সেল ও পরিবারের পাঠানো প্রয়োজনীয় সামগ্রী পথেই হারিয়ে গেছে। কয়েক মাস পেরিয়ে গেলেও এসব সামগ্রীর অনেকগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুটজম্যান সিএনএনকে জানিয়েছেন, তিনি এ বিষয়ে পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছে নতুন করে তথ্য চাইবেন। তাঁর মতে, দেশের সেবায় নিয়োজিত নাবিকদের অন্তত এই নিশ্চয়তা পাওয়া উচিত যে তাঁদের যথাযথভাবে দেখভাল করা হচ্ছে।

নতুন রণতরি মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউএসএস জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিংকনের দায়িত্ব গ্রহণ করবে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে টানা দায়িত্ব পালন করা নাবিকদের ওপর চাপ কিছুটা কমানোর সুযোগ তৈরি হতে পারে।

আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝