গ্যাসের জরুরি চাহিদা মেটাতে ৪ প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক

দেশে গ্যাসের জরুরি চাহিদা পূরণ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চার প্রতিষ্ঠান থেকে মোট ১২৩ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে ১২ বছরে কেনা হবে ১১৭ কার্গো।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি—দুই ধরনের এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বল্পমেয়াদে যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো এলএনজি কেনা হবে। এ ছাড়া হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে ২০২৬ সালে আরও দুই কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদে, জিটুজি চুক্তির আওতায় গানভর ইউএসএ এলএলসি থেকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত মোট ১১৭ কার্গো এলএনজি কেনা হবে। ২০২৬ সালে পাঁচ কার্গো, ২০২৭ সালে ছয় এবং ২০২৮ সালে ছয় কার্গো কেনার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৯ থেকে ২০৩৮ সাল পর্যন্ত প্রতি বছর ১০ কার্গো করে এলএনজি সরবরাহ নেওয়া হবে।
সরকারের আশা, দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকে এলএনজি কেনার মাধ্যমে দেশের গ্যাস সংকট মোকাবিলা এবং শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
আ.দৈ/আরএস




















