এনবিআর আন্দোলনের ঘটনায় ২০ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনে অংশ নিয়ে বিভিন্ন ধরনের শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করা হয়েছে। মার্জনা চেয়ে করা আপিল রাষ্ট্রপতি মঞ্জুর করায় তাদের বিরুদ্ধে দেওয়া শাস্তির আদেশ বাতিল করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
রোববার আইআরডি পৃথক আদেশে এসব কর্মকর্তার দণ্ড মওকুফের বিষয়টি জানায়। রাজস্ব খাত সংস্কার নিয়ে আন্দোলনের সময় সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন, বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা এবং আন্দোলনে সংগঠকের ভূমিকা পালনের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, বেতন গ্রেড অবনমন, বাধ্যতামূলক অবসরসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়। পরে তারা দণ্ড মওকুফ চেয়ে রাষ্ট্রপতির কাছে আপিল করেন। সেই আবেদন অনুমোদনের পর শাস্তির আদেশ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এর বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দেড় মাস আন্দোলন করেন। জুনের শেষ দিকে দেশের বিভিন্ন শুল্ক ও কর কার্যালয়ে অবস্থান, মিছিল ও কর্মবিরতির কারণে রাজস্ব আদায় ও আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে।
পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন কর্মকর্তারা। তবে আন্দোলনের ঘটনায় বিভাগীয় তদন্তের পর বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ২০ কর্মকর্তার দণ্ড এবার রাষ্ট্রপতির অনুমোদনে মওকুফ করা হলো।
আ.দৈ/আরএস




















