রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশ, মজুরি বেড়েছে ৮.০৫
মূল্যস্ফীতি কমলেও আয়-ব্যয়ের চাপে স্বস্তি নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ২৬)
X

দেশে মূল্যস্ফীতির চাপ আগস্টে সামান্য কমেছে। তবে মূল্যস্ফীতির হার কমলেও মানুষের আয় বৃদ্ধির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের ব্যবধান এখনো কাটেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। একই সময়ে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ মানুষের মজুরি যে হারে বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে তার চেয়ে বেশি।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিবিএস প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে মাত্র শূন্য দশমিক ০৬ শতাংশ পয়েন্ট। গত বছরের আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানেও মূল্যস্ফীতির পরিবর্তন খুব সামান্য—কমেছে মাত্র শূন্য দশমিক ০৩ শতাংশ পয়েন্ট। অর্থাৎ মূল্যস্ফীতির হার কমলেও বাজারদরের চাপ থেকে সাধারণ মানুষের বড় ধরনের স্বস্তি ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

খাদ্যে কিছুটা স্বস্তি, চাপ বেড়েছে খাদ্যবহির্ভূতে

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমার প্রধান কারণ খাদ্যপণ্যের দাম। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে ৭ দশমিক ০২ শতাংশে। জুলাইয়ে যা ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল আরও বেশি, ৭ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ খাদ্যপণ্যের ক্ষেত্রে মাসিক ও বার্ষিক—দুই তুলনাতেই মূল্যবৃদ্ধির গতি কিছুটা কমেছে। বাজারে চাল, ডাল, মাছ, মাংস, সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের গতিপ্রকৃতি সার্বিক মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রেখেছে।

তবে খাদ্যপণ্যে কিছুটা স্বস্তির বিপরীতে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় মূল্যস্ফীতির চাপ বেড়েছে। আগস্টে এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। জুলাইয়ে যা ছিল ৯ দশমিক ২৮ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
অর্থাৎ এক বছরের ব্যবধানে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির হার শূন্য দশমিক ৪২ শতাংশ পয়েন্ট বেড়েছে। এখানে মানুষের দৈনন্দিন ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। খাদ্যের দাম কিছুটা কমলেও বাসাভাড়া, চিকিৎসা, পরিবহন, শিক্ষা, পোশাকসহ বিভিন্ন খাদ্যবহির্ভূত খাতে ব্যয়ের চাপ অব্যাহত থাকলে মোট জীবনযাত্রার ব্যয়ে বড় ধরনের স্বস্তি পাওয়া কঠিন।

গ্রামেও কমেছে মূল্যস্ফীতি, তবে খাদ্যবহির্ভূত ব্যয়ে চাপ বেশি

অঞ্চলভেদে মূল্যস্ফীতির চিত্রেও সামান্য পরিবর্তন এসেছে। আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০১ শতাংশ। কিন্তু খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে। অর্থাৎ গ্রামীণ মানুষের ক্ষেত্রে খাদ্যের তুলনায় খাদ্যবহির্ভূত ব্যয়ের চাপ এখন বেশি। শহরাঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২০ শতাংশ, যা জুলাইয়ের ৮ দশমিক ২৪ শতাংশের তুলনায় সামান্য কম। শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ। তথ্য বলছে, আগস্টে শহর ও গ্রাম—দুই জায়গাতেই সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে উভয় ক্ষেত্রেই খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় মূল্যবৃদ্ধির চাপ রয়ে গেছে।

মজুরি বাড়লেও মূল্যস্ফীতিকে ছাড়াতে পারেনি

মূল্যস্ফীতির পাশাপাশি মজুরি বৃদ্ধির তথ্যটি সাধারণ মানুষের প্রকৃত অর্থনৈতিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। বিবিএসের হিসাবে, আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ। গত বছরের আগস্টে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মজুরি বৃদ্ধির হারও কমেছে। একই সময়ে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ফলে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির ব্যবধান দাঁড়িয়েছে শূন্য দশমিক ২১ শতাংশ পয়েন্ট।

সহজ হিসাবে, একজন শ্রমজীবী মানুষের আয় যদি গড়ে ৮ দশমিক ০৫ শতাংশ বাড়ে, কিন্তু তার প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম গড়ে ৮ দশমিক ২৬ শতাংশ বাড়ে, তাহলে আয় বাড়লেও সেই বাড়তি আয়ের ক্রয়ক্ষমতা আগের তুলনায় বাড়ছে না। বরং প্রকৃত আয় বা ৎবধষ ধিমব-এর ওপর চাপ তৈরি হচ্ছে।

সেবা খাতে মজুরি বৃদ্ধি সবচেয়ে বেশি

খাতভিত্তিক হিসাবেও মজুরি বৃদ্ধির ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ। শিল্প খাতে তা ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ। তিনটি প্রধান খাতের মধ্যে সেবা খাতেই মজুরি বৃদ্ধির হার সবচেয়ে বেশি। তবে কোনো খাতের মজুরি বৃদ্ধিই আগস্টের ৮ দশমিক ২৬ শতাংশ সার্বিক মূল্যস্ফীতিকে ছাড়াতে পারেনি। ফলে মজুরি বৃদ্ধির সামান্য পার্থক্য থাকলেও শ্রমজীবী মানুষের সামগ্রিক ক্রয়ক্ষমতার ওপর মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে।

কমেছে মূল্যস্ফীতির গতি, কমেনি দাম

আগস্টের পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—মূল্যস্ফীতি কমার অর্থ বাজারদর কমে যাওয়া নয়। মূল্যস্ফীতি ৮ দশমিক ৩২ শতাংশ থেকে ৮ দশমিক ২৬ শতাংশে নামার অর্থ হলো পণ্য ও সেবার দাম আগের তুলনায় কিছুটা ধীর গতিতে বাড়ছে। এর মানে এই নয় যে আগের বাড়তি দামগুলো আবার কমে গেছে। এ কারণে কয়েক মাস ধরে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে থাকা পরিবারের ওপর ব্যয়ের যে চাপ তৈরি হয়েছে, সামান্য মূল্যস্ফীতি কমলেই তা পুরোপুরি দূর হয় না। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্ষেত্রে আয়ের বড় অংশ খাদ্য, বাসস্থান, চিকিৎসা, পরিবহন ও অন্যান্য অপরিহার্য খাতে ব্যয় হওয়ায় মূল্যস্ফীতির সামান্য পরিবর্তনও তাদের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলতে পারে।

সামনে স্বস্তি কতটা?

আগস্টের তথ্য একদিকে মূল্যস্ফীতির গতি সামান্য কমার ইতিবাচক সংকেত দিচ্ছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমে আসা কিছুটা স্বস্তির। কিন্তু অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে থাকা এবং মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে অবস্থান করায় মানুষের প্রকৃত আয় পরিস্থিতি এখনো স্বস্তিদায়ক নয়। সুতরাং আগস্টের পরিসংখ্যানকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় সাফল্য হিসেবে দেখার সুযোগ কম। বরং এটি মূল্যবৃদ্ধির গতিতে সামান্য শ্লথতার ইঙ্গিত দিচ্ছে।

মূল প্রশ্ন এখন—খাদ্যপণ্যের এই নিম্নমুখী প্রবণতা কতটা স্থায়ী হয় এবং খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার উচ্চ মূল্যস্ফীতি কবে কমে আসে। একই সঙ্গে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যেতে না পারলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় প্রকৃত স্বস্তি ফিরবে না।অর্থাৎ আগস্টে মূল্যস্ফীতি কমেছে, কিন্তু মানুষের পকেটের চাপ এখনো কমেনি।

আ.দৈ/এসআর






Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝