বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা সন্ধ্যা থেকে
নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগর উত্তাল ও এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশে তীব্র বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে বুধবার সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন করে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। অপর টার্মিনালটিও দুর্ঘটনার কারণে পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি। এতে গ্যাস সরবরাহ কমে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের ভুল জ্বালানি নীতির কারণে সংকট আগে থেকেই ছিল। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে দুর্ঘটনা ও বৈরী আবহাওয়া। পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।
তিনি জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। তবে জনদুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সম্প্রতি গ্যাস সংকটে জাতীয় পর্যায়ে লোডশেডিং ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামীণ এলাকার মানুষ।
আ.দৈ/আরএস




















