প্রধান বিচারপতি পিএসসির ৪ সদস্যকে শপথ পড়ালেন
নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ পাঠ করিয়েছেন। শপথ গ্রহণকারীরা হলেন; মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী পিএসসির নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৬ আগস্ট সরকার পিএসসির এই চারজন নতুন সদস্য নিয়োগ দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে তাদের সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চার সদস্য হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নিয়োগের অন্যান্য শর্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে। নতুন চার সদস্য নিয়োগের ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।
আ. দৈ./কাশেম




















