এক বছরেই জুলাই হত্যাকাণ্ডের সব মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০২৪ সালে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনকালে ব্যাপক নির্যাতন ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ওইবছর জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত সব হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলাগুলোর বিচার আগামী এক বছরের মধ্যে শেষ করার টার্গেট নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, ট্রাইব্যুনালে ইতোমধ্যে ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। তার ভাষ্য, এক থেকে দেড় বছরের মধ্যে এসব মামলার বিচার শেষ করা সম্ভব হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে।
তিনি বলেন, বিচারকাজ আরও তাড়াহুড়ো করে শেষ করলে তার গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। তাই বাকি মামলাগুলোও স্বাভাবিক গতিতে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এগিয়ে নেওয়া হচ্ছে।
চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে আরও তিনটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে এবং চলতি মাসেই সেগুলোর রায় হতে পারে। এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেকমন্ত্রী ওবায়দুল কাদেরের মামলায় যুক্তিতর্কের শুনানি চলছে। অপরদিকে, মাহবুবউল আলম হানিফের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে এবং যে কোনো সময় রায় ঘোষণা হতে পারে।
তিনি আরও বলেন, যাত্রাবাড়ীর কাজলায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি কয়েক দিনের মধ্যেই শুরু হবে। একই সঙ্গে জিয়াউল আহসানের মামলাসহ আরও কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
মো. আমিনুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডসংক্রান্ত সব মামলার তদন্ত দ্রুত শেষ করে আগামী এক বছরের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার বিষয়ে প্রসিকিউশন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।ব্রিফিংয়ে তিনি আরও জানান, সারা দেশে সংঘটিত তিন হাজারের বেশি কথিত ক্রসফায়ারের ঘটনার মধ্যে অনেক মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রস্তুত হয়েছে।
আ. দৈ./কাশেম




















