ত্রিশালে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণে জরিমানা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা এলাকায় অনুমোদিত নকশা ছাড়াই বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৩ আগস্ট) ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভবনের নকশা অনুমোদন ব্যতীত বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর সংশ্লিষ্ট ধারায় ভবন মালিক কাজল মোদক (পিতা-মৃত জীবন মোদক) কে ১ লাখ টাকা এবং ফেরদৌস মোর্শেদ (পিতা-শহীদুল্লাহ) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ত্রিশাল থানার পুলিশ, ত্রিশাল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের পৌরসভা ও নগর এলাকায় যেকোনো ভবন নির্মাণের আগে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদিত নকশা গ্রহণ বাধ্যতামূলক। অনুমোদনহীন ভবন নির্মাণের ফলে জননিরাপত্তা, অগ্নি নিরাপত্তা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ণ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এ কারণে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং সংশ্লিষ্ট বিধিমালায় অনুমোদন ছাড়া ভবন নির্মাণ, অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো কিংবা নির্ধারিত নিয়ম অমান্য করে নির্মাণকাজ পরিচালনার বিরুদ্ধে শাস্তি ও জরিমানার বিধান রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অনুমোদিত নকশা অনুসরণ না করলে ভবনের কাঠামোগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যা ভবিষ্যতে দুর্ঘটনার কারণ হতে পারে। এছাড়া অপরিকল্পিত নির্মাণের ফলে নাগরিক সেবার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।
এ বিষয়ে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, জনস্বার্থে অবৈধ ও অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভবন নির্মাণের আগে সকলকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করে আইনানুগ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিকল্পিত নগরায়ণ, জননিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আ. দৈ./কাশেম /জাকির




















