দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়
জায়েদ মাহমুদ রিজন,নালিতাবাড়ী (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে অনুষ্ঠিত আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষ ‘তেপান্তর’-এ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
প্রতিযোগিতায় উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি ড. বিরূপাক্ষ পাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক।
প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল, ‘দুর্নীতি প্রতিরোধে সচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগই বেশি কার্যকর।’ এ পর্বে উত্তর নাকশি উচ্চ বিদ্যালয় ও তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে ফাইনালে ওঠে।
ফাইনাল পর্বের বিষয় ছিল, ‘শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি।’ যুক্তি, তথ্য ও উপস্থাপনায় এগিয়ে থেকে উত্তর নাকশি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উন্মে জাহান যুথি।
বিতর্ক শেষে প্রধান অতিথি বিজয়ী দল ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী উপ-পরিচালক জাহিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এম. এ. হাকাম হীরা, সাধারণ সম্পাদক মান্নান সোহেল, সদস্য ক্লডিয়া নকরেক কেয়া, বিপ্লব দে কেটু, অভিজিৎ সাহাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আ. দৈ./কাশেম/জাকির




















