মুম্বাইয়ে বিক্ষোভকারীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাই শহরে বিক্ষোভকারীদের ভয় দেখাতে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
গত কয়েক দিনে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকাশিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
মুম্বাই কংগ্রেস প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য কয়েকজন শিক্ষার্থীকে হুমকি দিচ্ছেন। তিনি বলেন, তারা যদি আবার বিক্ষোভে অংশ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়া হতে পারে।
ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন তরুণকে একটি পুলিশ ভ্যানে তোলা হয়েছে, যাদের সম্ভবত বিক্ষোভস্থল থেকে আটক করা হয়েছিল। ভ্যানের ভেতরে বসা পুলিশ সদস্যকে তাদের বাড়ি ফিরে যেতে এবং ভবিষ্যতে বিক্ষোভে না আসতে সতর্ক করতে শোনা যায়।
এক পর্যায়ে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘তোমাদের আবার এখানে দেখা গেলে জীবন নষ্ট করে দেব।’ এমনকি তিনি আরও দাবি করেন, তাদের ব্যাগে মাদকদ্রব্য রেখে মামলা দেওয়া হতে পারে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর মুম্বাই পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করতে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত পুলিশ সদস্যকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মুম্বাই কংগ্রেস বলেছে, অভিযোগ প্রমাণিত হলে এটি শুধু শিক্ষার্থীদের ভয় দেখানোর বিষয় নয়, বরং গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। তারা বলেছে, মত প্রকাশ করা অপরাধ নয়, বরং এ ধরনের প্রশ্নের জবাব জবাবদিহিতার মাধ্যমে দেওয়া উচিত।
একই সঙ্গে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীদের ওপর ডিজিটাল নজরদারি চালানো হচ্ছে এবং তাদের বাড়িতে গিয়ে সতর্ক করা হচ্ছে।
আ.দৈ/আরএস




















