রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘আমাদের সময় নষ্ট করবেন না’—আদালতের মন্তব্যে আলোচনার ঝড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৪২)
X

ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর সংসদ অভিযান ঘিরে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগে করা জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বিক্ষোভে পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ ভিডিও দেখতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

বুধবার সুপ্রিম কোর্টে এক আইনজীবী স্বতঃপ্রণোদিতভাবে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন। তাঁর অভিযোগ, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির সংস্কারের দাবিতে সিজেপির সংসদ অভিযানে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

আবেদনকারী আইনজীবী আদালতকে জানান, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও কর্মীদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করা হয়েছে। তিনি এ ঘটনার ভিডিও আদালতকে দেখানোরও চেষ্টা করেন। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না।’ পরে তিনি আরও বলেন, ‘ভিডিওতে আমাদের কোনো আগ্রহ নেই।

এগুলো দেখার সময়ও আমাদের নেই।’ এরপর আদালত জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয়। এর আগে মঙ্গলবার একই বিষয়ে দিল্লি হাই কোর্টেও আবেদন করা হয়েছিল। সেখানেও পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে জরুরি শুনানির আবেদন খারিজ করা হয়। আবেদনকারীদের উদ্দেশে আদালত মন্তব্য করেন, ‘এ ধরনের বিষয়ে আদালতকে জড়াবেন না।’

সম্প্রতি নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা পরিচালনা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে সংসদে আলোচনার দাবি জানিয়ে আসছে। এদিকে কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে সংসদে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শিক্ষার্থীদের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া উচিত।

অন্যদিকে, সংসদের অধিবেশন শুরুর আগে বুধবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভ করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এতে অংশ নেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সৌগত রায়সহ বিভিন্ন দলের নেতারা। তাঁদের অধিকাংশই কালো পোশাক পরেছিলেন এবং হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানান।

সূত্র: আনন্দবাজার


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝