রাজধানীর শাহবাগে ফুটপাত থেকে উদ্ধার তিন ব্যক্তির লাশ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক তিনটি স্থানের ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকাল থেকে দুপুরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে মরদেহ তিনটি পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক তিন স্থানে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। বেলা ১১টার দিকে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর এবং অপরজনের বয়স প্রায় ৫৫ বছর।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মৃতদের কারোরই পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আ.দৈ/আরএস




















